নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ বিপক এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সবুর মিয়া (৩৩) এবং একই এলাকার মৃত ফরিদ উদ্দিন কালার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ বিপক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সবুর ও রুবেলকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।