ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত প্রথমে বাড়ির কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আরও দুটি দরজা ভেঙে তারা ঘরে ঢোকে। ডাকাত দলের প্রায় সাতজন সদস্য ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় আরও কয়েকজন বাইরে পাহারায় ছিল।
আব্দুল মন্নান জানান, ঘরে ঢুকেই ডাকাতেরা তাঁকে ও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁদের মারধর করে বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় পাঁচ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একটি হার, দুটি আংটি এবং নগদ এক লাখ টাকা লুট করেছে। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।