এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে গত ২২/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১:২০ ঘটিকায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে ১,৪৩,০০০/- (এক লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা উত্তোলন করে সিএনজিযোগে নিজ বাড়িতে ফেরার পথে কমলগঞ্জ থানাধীন ৬নং আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির সংলগ্ন সড়কে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ০৪ জন ছিনতাইকারী ০২টি মোটরসাইকেলযোগে তাদের গতিরোধ করে।
পরে তারা ভয়ভীতি প্রদর্শন করে বাদী রেহেনা বেগমের নিকট থাকা ব্যাংক থেকে উত্তোলিত নগদ ১,৪৩,০০০/- টাকা ও চেকসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা নং–১০, তারিখ–২৩/০৬/২০২৬ খ্রিঃ, ধারা–৩৯২ পেনাল কোডে একটি ছিনতাই মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই পিবিআই মৌলভীবাজার জেলা ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই মৌলভীবাজার জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে এবং এসআই (নিঃ) আবুল কাশেমকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।
ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার প্রধান আসামি সেলিম আহমদ @ অনিক @ বটলা সেলিম (৩৮)-কে সনাক্ত করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়, যা বাদী সনাক্ত করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পিবিআই-এর তদন্ত ও আসামির জবানবন্দি থেকে জানা যায় যে, গ্রেফতারকৃত সেলিম আহমদ @ অনিক @ বটলা সেলিম একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রের সদস্যদের অধিকাংশের পরিচয় জেলখানায় থাকাকালীন সময়ে হয়।
পরবর্তীতে কারামুক্ত হওয়ার পর তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে সংঘবদ্ধভাবে ডা’কা’তি, দস্যুতা ও ছিনতাই সংঘটিত করে আসছিল। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা পূবালী ব্যাংক শমসেরনগর শাখা থেকে বাদী টাকা উত্তোলন করার বিষয়টি অনুসরণ করে।
বাদী সিএনজিযোগে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলিত নগদ ১,৪৩,০০০/- টাকা ও চেকসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি সেলিম আহমদ ওরফে অনিক ওরফে বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট মহানগর, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডা’কাতি, দস্যুতা ও ছিনতাই সংক্রান্ত প্রায় ০৯টি মামলা রয়েছে।
মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।